মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঋণ দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে প্রবাসীকল্যাণ ব্যাংকের একজন অফিস সহায়ককে (পিয়ন) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত হওয়ারা হলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তাপ্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
আর্থিক অনুদান প্রক্রিয়া শেষ করতে সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী মো. কাইয়ুমের পরিবারের কাছ থেকে ঘুষ নেন বরখাস্ত হওয়া দুই কর্মচারী। অন্যদিকে, প্রবাসীকল্যাণ ব্যাংকের পিয়ন শামিম ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে অনৈতিকভাবে অর্থ নেন। এসব বিষয়ে একজন সাংবাদিক এবং ভুক্তভোগী পরিবার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান। অভিযোগের সত্যতা নিশ্চিত করে ওই দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। কর্মচারীদের এমন আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী আজ (শনিবার) তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী এবং তাদের পরিবারের সেবা দিতে দেশে এবং দূতাবাসে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো গাফিলতি-অনিয়ম সহ্য করা হবে না।

