ঘুমের মধ্যেই চলে গেলেন ভারতের প্রথম টেস্ট জয়ী দলের সদস্য

0
ঘুমের মধ্যেই চলে গেলেন ভারতের প্রথম টেস্ট জয়ী দলের সদস্য

ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য সি. ডি. গোপীনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চেন্নাইয়ে মেয়ের বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি ক্রিকেটার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। গোপীনাথ মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) জন্মগ্রহণ করেন। এই ডানহাতি ব্যাটসম্যান তার সাবলীল ও দৃষ্টিনন্দন শটের জন্য পরিচিত। মাদ্রাজের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স অবশেষে তাকে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে সহায়তা করে।

তিনি ১৯৫১-৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টেস্ট অভিষেক করেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে গোপীনাথ মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে অপরাজিত ৫০ এবং পরে ৪২ রান করেন। তার শান্ত ও রুচিশীল ব্যাটিং সেই সময়ে সবাইকে মুগ্ধ করেছিল।

চেন্নাইতে অনুষ্ঠিত শেষ টেস্টে গোপীনাথ ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বিনু মানকড়ের বলে একটি গুরুত্বপূর্ণ ক্যাচও ধরেন। যা সাদা কালো যুগে প্রভাবশালী ইংল্যান্ড দলের বিপক্ষে ভারতের জয়ে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটি ছিল ভারতের প্রথম টেস্ট জয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দত্ত গায়কোয়াডের মৃত্যুর পর গোপীনাথই ছিলেন ভারতের প্রথম টেস্ট জয়ী দলের সর্বশেষ সদস্য।

ভারতের হয়ে খেলার পাশাপাশি গোপীনাথ ১৯৫৫-৫৬ থেকে ১৯৬২-৬৩ সাল পর্যন্ত মাদ্রাজ ক্রিকেট দলের নেতৃত্বও দিয়েছিলেন। অবসর গ্রহণের পরেও গোপীনাথ ভারতীয় ক্রিকেটে অবদান রেখে গেছেন। ১৯৭০-এর দশকে তিনি জাতীয় নির্বাচক প্যানেলে যোগ দেন এবং পরে নির্বাচক কমিটির চেয়ারম্যান হন।

তিনি ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও গোপীনাথ একটি শক্তিশালী পেশাগত জীবন গড়ে তোলেন। তিনি ব্রিটিশ কোম্পানি গর্ডন উডরফের সঙ্গে কাজ করেন এবং কঠোর পরিশ্রম ও নেতৃত্বের মাধ্যমে কোম্পানিটির প্রথম ভারতীয় চেয়ারম্যান হন।

রঞ্জি ট্রফিতে গোপীনাথ ২,৩৪৯ রান করে তার ক্যারিয়ার শেষ করেন, যার মধ্যে ১৯৫৮-৫৯ সালে মহীশূরের বিপক্ষে করা ২৩৪ রান ছিল সর্বোচ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here