ঘরের ভাগ নিয়ে দ্বন্দ্ব, সালিশে প্রাণ গেল এক ভাইয়ের

0
ঘরের ভাগ নিয়ে দ্বন্দ্ব, সালিশে প্রাণ গেল এক ভাইয়ের

মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রামে বাড়ির ঘর ভাগবাটোয়ারা নিয়ে ভাইদের সালিশি বৈঠক বসে। এ সময় প্রতিপক্ষের হামলায় বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সাকিবুর রহমান আহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঘটনা ঘটে। 
    
নিহত রাবিল নতুন বসতি গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে। তিনি স’মিলের ব্যবসা করলেও বর্তমানে বেকার ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নতুন বসতি গ্রামের মৃত ধলা মিয়ার সাত ছেলে ও এক মেয়ে। বাড়িতে টিনশেডের আধাপাকা একটি ঘরের চারটি কক্ষের দুটিতে রাবিল ও তাঁর পরিবার থাকেন। অপর দুটি কক্ষে বোন রঞ্জুর সন্তানেরা থাকেন। সম্প্রতি রঞ্জুর সন্তানেরা অন্যত্র বাড়ি করলে ওই দুটি কক্ষ খালি হয়। এরপর থেকে ওই দুটি কক্ষের ভাগবাটোয়ারা নিয়ে রাবিল ও তার ভাইদের দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে শুক্রবার  সন্ধ্যার পর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসা হয়। ভাগবাটোয়ারা নিয়ে রাবিল এবং তাঁর ভাইদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এ সময় ভাই ও ভাতিজাদের কিলঘুষি ও লাথিতে রাবিল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাবিলের ছেলে সাকিবুর আহত হয়েছেন। তাঁকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, নিহত রাবিলের ছেলে বার জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here