ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, কুড়িগ্রামে শীতের আগমন স্পষ্ট

0
ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, কুড়িগ্রামে শীতের আগমন স্পষ্ট

দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। ভোরের হিমেল হাওয়া আর বাড়তে থাকা ঘন কুয়াশা জানিয়ে দিচ্ছে- শীত এখন পুরোপুরি হাজির। বিশেষ করে রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডার অনুভূতি চোখে পড়ার মতো বেড়েছে।

রবিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া কার্যালয় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, বর্তমান প্রবণতা অনুযায়ী আগামী কয়েকদিনে কুয়াশা ও শীত আরও জোরদার হতে পারে।

জেলার গ্রামাঞ্চল ঘুরে দেখা গেছে- কৃষিজমি, ধানের পাতা আর ঘাসের ডগায় জমে আছে টলমলে শিশিরবিন্দু। দিনের রোদ খুব বেশি উষ্ণতা দিতে না পারলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীত দ্রুতই তীব্র হয়ে উঠছে। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ রবিবার ভোরে ১৪.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রতিদিনই কুয়াশা ঘন হচ্ছে। সামনের দিনগুলোতে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।”

শীতের আগাম বার্তা পেয়ে ইতোমধ্যেই শীতবস্ত্রের প্রস্তুতি নিতে শুরু করেছে সাধারণ মানুষ। কৃষকেরা বলছেন, শিশির পড়া ফসলের জন্য ভালো হলেও ভোরের ঘন কুয়াশায় চলাচলে ভোগান্তি বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা- শীত বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও নিম্নআয়ের মানুষের কষ্টও আরও প্রকট হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here