নীলফামারীর সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে প্রতারণা মামলার আসামি মহসিন আল মামুনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে।
মামুন শহরের মুন্সিপাড়ার বাসিন্দা ও খালেদ মার্কেটে তার গার্মেন্টসের ব্যবসা রয়েছে। মামুনের সহযোগীদের মারধরে আহত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে অভিযানে আসা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য এসআই মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, রোকনুজ্জামান, কনস্টেবল সত্যেন্দ্রনাথ ও তাদের গাড়িচালক হাসান মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে পিবিআইয়ের সদস্যরা মামুনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেন। এ সময় ভুয়া ডিবি ধরে নিয়ে যাচ্ছে বলে চিৎকার করেন তিনি। আশপাশের লোকজন এসে মারধর করে মামুনকে নিয়ে যায়। হামলাকারীরা পুলিশের মাইক্রোবাসে ভাঙচুর চালান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে পিবিআইয়ের তিন এসআই ফতুল্লা থানার প্রতারণার মামলার আসামিকে গ্রেফতার করতে সৈয়দপুরে আসেন। সাদা পোশাকে তারা আসামিকে গ্রেফতার করলে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাড়তি ফোর্স তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের এসপি মোস্তফা কামাল বলেন, তাদের একটি টিম নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে মারধরের শিকার হয়েছেন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

