গ্রিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
গ্রিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গ্রিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি সকালে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত শহিদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ, কবিতা আবৃত্তি এবং শিশুদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা হয়।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (ডিপ্লোমেটিক উইং) ও দূতালয় প্রধান রাবেয়া বেগম, তৃতীয় সচিব (ডিপ্লোমেটিক উইং) রায়হান ফেরদৌস, প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ উপলক্ষে আলবেনিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল শাবান ইব্রাহীম দূতাবাসে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা মাতৃভাষার মর্যাদা রক্ষা, বাংলা ভাষার সংরক্ষণ এবং বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে এর আগে লাটসিও আমেরিকান কলেজে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদল সেখানে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি তুলে ধরে। এ সময় বাংলাদেশ বিষয়ক ভিডিও প্রদর্শন, কুইজ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলা বর্ণমালা সংবলিত বুকমার্ক বিতরণ করা হয়, যা গ্রীক শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সংযোগ আরও দৃঢ় করতে সহায়তা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here