গ্যালারি থেকে ছোড়া আতশবাজিতে আহত জার্মান গোলকিপার

0
গ্যালারি থেকে ছোড়া আতশবাজিতে আহত জার্মান গোলকিপার

জার্মানির তৃতীয় বিভাগের ফুটবল লিগে গ্যালারি থেকে ছোড়া আতশবাজির বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ফেলিক্স উইনান্ড। এ ঘটনার পর ম্যাচটি প্রায় ৪০ মিনিট স্থগিত রাখতে বাধ্য হন রেফারি।

বুধবার রাতে ভাল্ডহফ মানহাইম ও রট-ওয়াইস এসেনের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের ৫৩তম মিনিটে এসেন যখন ১-০ গোলে এগিয়ে, তখন মানহাইম সমর্থকদের গ্যালারি থেকে ছোড়া একটি আতশবাজি উইনান্ডের খুব কাছেই বিস্ফোরিত হয়। এতে ২৩ বছর বয়সী গোলকিপার সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে মাঠে লুটিয়ে পড়েন।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ক্লাব সূত্র জানিয়েছে, তিনি ‘অ্যাকোস্টিক ট্রমা’ বা তীব্র শব্দজনিত আঘাত এবং মানসিক ধাক্কায় ভুগছেন।

এসেনের কোচ উয়ে কোশিনাত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, বিস্ফোরণের প্রভাব উইনান্ডের শ্রবণশক্তির ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে।

ঘটনার পর রেফারি খেলা বন্ধ করে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠান। প্রায় ৪০ মিনিট পর খেলা পুনরায় শুরু হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রট-ওয়াইস এসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here