গৌরনদীতে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের রাস্তাঘাটে আড্ডায় নিষেধাজ্ঞা

0
গৌরনদীতে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের রাস্তাঘাটে আড্ডায় নিষেধাজ্ঞা

বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর এলাকায় সন্ধ্যার পরে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাসার বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম ফেসবুক পেজে এ সংক্রান্তে নিষেধাজ্ঞার একটি নির্দেশনা প্রকাশ করেছেন।

সেখানে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মাদক নির্মূল করার লক্ষ্যে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্কুল-কলেজগামী কোনো ছাত্র/ছাত্রী সন্ধ্যার পরে রাস্তার মোড়ে, হোটেল-রেস্তোরাঁয়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। বর্ণিত সময়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী কোনো ছাত্র-ছাত্রীকে বর্ণিত স্থানে আড্ডারত অবস্থায় পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, সম্প্রতি গৌরনদীর পৌরশহর ও ইউনিয়নের বিভিন্ন স্থানে স্কুল-কলেজের অর্থাৎ উঠতি বয়সের শিক্ষার্থীদের বিপথগামী উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেখানে আড্ডাকেন্দ্রীক একটি নেটওয়ার্কের মতো তৈরি হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই এগুলো রোধে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সবার সম্মতিক্রমে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের রাস্তার মোড়ে, হোটেলে-রেস্তোরাঁয়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা চাই গৌরনদীর যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে। সেইসঙ্গে অনলাইন জুয়া ও কিশোর গ্যাং কালচার রোধ করতে। আর এ জন্য গড়ে ওঠা নেটওয়ার্কটি ভেঙে দিতে এবং একটি সুন্দর সমাজ উপহার দিতে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ওপর নির্দেশনার বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে মনিটরিং কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। অর্থাৎ, পুরো বিষয়টি মনিটরিং করার জন্য পৌরসভা এলাকাতে একটি এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিটিতে একটি করে কমিটি গঠন করা হচ্ছে। আর সেই মনিটরিং কমিটিতে যারা থাকবেন তারাও যেন মাদকের সঙ্গে যুক্ত না থাকে সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। মনিটরিং কমিটি আমাদের তথ্য দিলে সেই অনুযায়ী আমরাও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here