বরিশালের গৌরনদী উপজেলায় গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় গৌরনদী বাসস্ট্যান্ড কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন নিহতের বাবা সাত্তার বেপারী, ভাই খোকন বেপারী, ভাবি ইয়াসমিন বেগম, স্থানীয় কবির হোসেন সহ অন্যান্যরা।
অবরোধের ফলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিখ হাসান রাসেল জানিয়েছেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
গত ২৪ মার্চ ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী বিলকিস বেগমের (৩২) লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ওসি বলেন, গৃহবধূ নিহতের ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজুর পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

