আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, ফিটনেসবিহীন যানবাহন এবং সন্দেহজনক চলাচল প্রতিরোধ করতেই পুলিশের এই সতর্ক অবস্থান।
শনিবার দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ফেরিঘাটের পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কলে পুলিশ। এ সময় মহসড়কে চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় আমরা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, ফিটনেসবিহীন যানবাহনসহ সন্দেহজনক চলাচল গতিরোধ করতে সতর্ক অবস্থানে রয়েছি। তারই অংশ হিসাবে আমরা চেকপোস্ট বসিয়ে আমাদের কার্যক্রম করেছি। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শামসুল হকসহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

