গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালসহ জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগী ভর্তি হয়।
বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে মোট ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ১৫ জন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি রয়েছে।
এ পর্যন্ত জেলায় ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।
তিনি বলেন, জেলার হাম পরিস্থিতি উদ্বেগজনক নয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ২৪১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। এছাড়া আগামী ২০ এপ্রিল থেকে জেলায় বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ বেড, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ২০ বেড এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেড করে আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

