স্পাইডার ম্যান’খ্যাত অভিনেত্রী জেনডেয়া আর অভিনেতা টম হল্যান্ডের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। এবার এলো বিয়ের খবর। তাও সেটা সেরে ফেলেছেন চুপিসারে।
এই জুটির বিয়ের খবর প্রকাশ করে দিয়েছেন অভিনেত্রী হেয়ার স্টাইলিস্ট ল’ রোচ। অ্যাক্টর অ্যাওয়ার্ড ২০২৬ এর রেড কার্পেটে হাঁটার সময় অ্যাকসেস হলিউডের’র সঙ্গে কথা বলতে গিয়ে জেনডেয়া-হল্যান্ডের বিয়ের খবর দেন রোচ।
জেনডেয়া-হল্যান্ডের বিয়ের বিষয়ে সাংবাদিকের প্রশ্নে রোচ সবাইকে অবাক করে দিয়ে বলেন, বিয়ে এরইমধ্যে হয়ে গেছে, আপনারা মিস করেছেন। ঘটনা সত্যি কি না- এমন প্রশ্নে হাসতে হাসতে এই হেয়ার স্টাইলিস্ট বলেন, “খুবই সত্যি।”
অল্প সময়ের এই আলাপের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তবে এখনো জেনডেয়া কিংবা টম হল্যান্ড কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তাদের প্রতিনিধিরাও মুখে কুলুপ এঁটেছেন।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখেন এই জুটি। কয়েকবছর ধরে সম্পর্কে থাকলেও তা নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলতে শোনা গেছে দুজনকে।
জেনডেয়া-হল্যান্ড প্রথম জুটি বাঁধেন ‘স্পাইডার ম্যান: হোমকামিং’ সিনেমায়। পরে ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাতেও দেখা যায় তাদের। সামনে এই জুটিকে দেখা যাবে ‘স্পাইডার ম্যান: ব্রান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডেসি’তে।

