‘গেম অব থ্রোনস’ অভিনেতার মৃত্যু, কি ঘটেছিল তার সঙ্গে?

0
‘গেম অব থ্রোনস’ অভিনেতার মৃত্যু, কি ঘটেছিল তার সঙ্গে?

বিশ্ববিখ্যাত টিভি সিরিজ গেম অব থ্রোনস-এ অভিনয় করে পরিচিত অভিনেতা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে একটি স্নায়ুবিক রোগে আক্রান্ত ছিলেন।  মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ড-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাওমি শিহান।

শিহান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান- দীর্ঘদিন ধরে বিরল স্নায়বিক রোগ মোটর নিউরন ডিজিজ-এর সঙ্গে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘গেম অব থ্রোনস’-এ তিনি ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’ দলের একজন সদস্য হিসেবে অভিনয় করেছিলেন, যেখানে তার সংক্ষিপ্ত উপস্থিতিও দর্শকদের মনে দাগ কেটে যায়।

এছাড়া অস্কারজয়ী চলচ্চিত্র Belfast-এও অভিনয় করেন তিনি। পাশাপাশি ‘ব্লু লাইটস’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও থিয়েটারেও তার সক্রিয় উপস্থিতি ছিল। মাইকেল প্যাট্রিকের অকাল প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, মোটর নিউরন ডিজিজ একটি প্রগতিশীল স্নায়ুরোগ, যেখানে মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্নায়ু কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর ফলে রোগীরা চলাফেরা, কথা বলা এবং শ্বাস-প্রশ্বাসের মতো মৌলিক কাজেও সমস্যায় পড়েন। এই রোগের এখনো কোনো স্থায়ী নিরাময় নেই।

আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে তার রোগটি শনাক্ত হয় এবং এরপর থেকেই তার স্বাস্থ্য দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসা ও সহায়তা চললেও রোগটির অগ্রগতি থামানো সম্ভব হয়নি।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here