গান নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন বাদশা

0
গান নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন বাদশা

নিজের নতুন গান ‌‘তাতেরি’-র কুরুচিকর শব্দচয়ন এবং দৃশ্যপট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। গানটির মাধ্যমে নারী ও শিশুদের অসম্মান করা হয়েছে—এমন অভিযোগে উত্তাল হরিয়ানার মানুষের ভাবাবেগে আঘাত লাগায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে বাদশা জানান, তিনি নিজেও একজন গর্বিত হরিয়ানভি এবং তার পরিচয়, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা সবই হরিয়ানার সংস্কৃতির সঙ্গে মিশে আছে। ফলে নিজের রাজ্যের মানুষকে ছোট করা বা তাদের মনে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না।

র‍্যাপার তার বক্তব্যে স্পষ্ট করেন যে, তিনি হিপ-হপ ঘরানার শিল্পী। এই ঘরানায় প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য প্রায়শই কড়া শব্দের ব্যবহার করা হয়, তবে সেই আক্রমণ কোনোভাবেই নারী বা শিশুদের লক্ষ্য করে ছিল না। 

বাদশা বলেন, আমি সব সময় হরিয়ানার সংস্কৃতি ও ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা আমাকে হরিয়ানারই একজন সন্তান হিসেবে গণ্য করবেন এবং ভুলত্রুটি ক্ষমা করে দেবেন।

বিতর্কের সূত্রপাত হয়েছিল গানের একটি বিশেষ লাইন এবং ভিডিওর কিছু দৃশ্য নিয়ে। ‘নারী তু নারায়ণী সংস্থা’ এবং ‘শিব আরতি ফাউন্ডেশন’-এর অভিযোগের ভিত্তিতে বাদশার বিরুদ্ধে সরব হয় হরিয়ানা রাজ্য মহিলা কমিশন। অভিযোগে বলা হয়েছে, গানের শব্দচয়ন অত্যন্ত কুরুচিকর এবং ভিডিওতে স্কুল পোশাকে নাবালিকা মেয়েদের যে ভঙ্গিতে দেখানো হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর। 

এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্য মহিলা কমিশন বাদশাকে আগামী ১৩ মার্চ সশরীরে হাজির হয়ে জবানবন্দি দেওয়ার নির্দেশ দিয়েছে। আইনি জটিলতা ও জনরোষের মুখে পড়েই এই সাফাই ও ক্ষমা প্রার্থনার পথ বেছে নিলেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here