গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারে বাস-ট্রাকের সংঘর্ষে আহতদের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।
রবিবার সন্ধ্যায় নগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোনাবাড়ি কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)।
গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এ সময় গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়। পরে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

