গাইবান্ধার পুলিশ ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি

0
গাইবান্ধার পুলিশ ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি

গাইবান্ধা শহরের একটি পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ফাঁড়ির আরেকটি ভিডিওতে এক পুলিশ সদস্যকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাওয়ার অভিযোগ উঠেছে। ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার তদন্তে শনিবার গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি লম্বা টেবিলের চারপাশে চেয়ার পেতে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বসে আছেন। তাদের মধ্যে কেউ পুলিশের পোশাকে, আবার কেউ টি-শার্ট বা গেঞ্জি পরা অবস্থায় রয়েছেন। টেবিলের ওপর তাস ও নগদ টাকা রাখা আছে। প্রত্যেকের সামনে একটি করে মানিব্যাগ দেখা যায়। খেলায় অংশ নেওয়া ব্যক্তিদের মুখে ১৭, ১৮ ও ২০ ডাক শোনা যায়। মাঝেমধ্যে তারা মানিব্যাগ থেকে টাকা বের করে টেবিলের ওপর রাখছেন। টেবিলের ওপর ১০, ২০, ৫০০ ও ১ হাজার টাকার নোট ছড়িয়ে থাকতে দেখা যায়।

এ ছাড়া প্রায় চার মিনিট ৩৭ সেকেন্ডের আরেকটি ভিডিওতে এক পুলিশ সদস্যকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, ফাঁড়ির ভেতরে বসে টাকা দিয়ে জুয়া খেলা একটি শাস্তিযোগ্য অপরাধ। ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে, তাদেরকে ইতোমধ্যে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here