গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি অনুমোদনহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাহবুবুর রহমান মন্ডলের ছেলে কারখানার মালিক মাহামুদুর রহমান রনির বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এসময় আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই ও প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়। পরে তা জনস্বার্থে ধ্বংস করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাস ব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনহীন উপাদান ব্যবহার কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

