গাইবান্ধায় রেলের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা, নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন

0
গাইবান্ধায় রেলের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা, নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন

গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেন্সিং) রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব ও কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে গাইবান্ধা ১ নম্বর রেলগেটের সামান্য উত্তরে এবং রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেন্সিং) প্রায় ৬ ফুট অংশ কে বা কারা কেটে নিয়ে যায়। রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় গাইবান্ধা রেলস্টেশন এলাকা অরক্ষিত হয়ে পড়েছে। এতে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সাখোয়াত মিয়া বলেন, নিরাপত্তাকর্মীরা রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে ছোট ছোট দোকান থেকে চাঁদা তোলায় বেশি ব্যস্ত থাকে। নিরাপত্তার দোহাই দিয়ে তারা দোকানিদের সবসময় চাপের মধ্যে রাখে। তাদের অবহেলার কারণেই বাউন্ডারি কেটে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ রায় বলেন, আমাদের লোকবল অত্যন্ত কম। মাত্র চারজন সদস্য দিয়ে পুরো এলাকা সামলাতে হচ্ছে। তারপরও আমরা ঘটনাটি তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে গাইবান্ধা রেলস্টেশন মাস্টার সুমিত কুমার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ওই এলাকা পরিদর্শন করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here