গাইবান্ধার সাঘাটা উপজেলায় ক্ষেতে বিষ প্রয়োগে ১০০টি হাঁস মারা যাওয়ার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সাঘাটা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শারমিন আক্তার বিথী নামের এক গৃহবধূ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উল্লাসোনাতলা (আকন্দপাড়া) গ্রামের বাসিন্দা আফজাল হোসেন ও তার স্ত্রী শিউলি বেগমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টার দিকে অভিযুক্তরা নিজেদের বোরো ধানের জমিতে বিষ প্রয়োগ করে। পরে শারমিন আক্তারের প্রায় ১০০টি হাঁস ওই জমিতে গিয়ে বিষক্রিয়ায় মারা যায়।
ভুক্তভোগীর স্বামী রানা মিয়া জানান, তিনি সম্প্রতি একটি জমি ক্রয় করার পর থেকেই অভিযুক্তরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিয়মিত গালিগালাজ করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে।
ভুক্তভোগী শারমিন আক্তার বিথী বলেন, প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা মারমুখী আচরণ করে এবং তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আফজাল হোসেন ও তার স্ত্রী শিউলি বেগম বলেন, তারা হাঁস মারেননি। তাদের দাবি, এমদাদুল নামের একজন ব্যক্তি বিষ প্রয়োগ করে হাঁসগুলো মেরেছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যব নেওয়া হবে।

