গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লিজা বেগম গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটিপাড়া এলাকার খট্টু মিয়ার মেয়ে ও একই এলাকার বাঁধন মিয়ার স্ত্রী। বাঁধন পেশায় রাজমিস্ত্রী।
সোমবার (২৩ মার্চ) বিকাল তিনটার দিকে পৌর এলাকার গোহাটিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, প্রায় দুই মাস আগে পারিবারিক টানাপোড়েনের মধ্যে আগের স্বামীকে তালাক দিয়ে বাঁধনকে বিয়ে করেন লিজা। বিয়ের পর তারা গোহাটিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে দাম্পত্য কলহ লেগেই থাকত তাদের মধ্যে।
সোমবার সকালে লিজা তার স্বামীর কাছে ২০ টাকা চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন বাঁধন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাঁধন তাকে চড় মেরে বাড়ি থেকে বের হয়ে যান বলে অভিযোগ রয়েছে।
দুপুরে লিজার ছোট ভাই দুলাল বোনের সঙ্গে দেখা করতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দেয়াল টপকে ভেতরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লিজার ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। পরে স্বজনদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

