গাইবান্ধায় স্কুল ছাত্রী অপহরণের মামলায় প্রধান আসামি তামিম মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভদ্রকোলা এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তামিম মিয়া গাইবান্ধা সদর উপজেলার গোপালপুরের ভাটপাড়া এলাকার রশিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত তামিম মিয়া ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় উত্ত্যক্ত করাসহ প্রেম-ভালোবাসার প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি পরিবারকে জানিয়ে তামিমকে সতর্ক করা হয়। তবে ওই স্কুল ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে তামিম।
গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। ওই সময় তামিম ও তার সহযোগীরা ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন। তবে তথ্যপ্রযুক্তি সহায়তায় র্যাবের যৌথ টিমের অভিযানে পাবনা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে আসামি ও ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

