ঢাকা–২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, গণতান্ত্রিক সরকার সবসময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণ, তাই জনগণের প্রত্যাশা পূরণ করাই একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় ২৭০ মিটার নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্রে জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়। তাই জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করা এবং তাদের কল্যাণে কাজ করাই সরকারের দায়িত্ব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু করেছে বিএনপি সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। নির্বাচনে দেওয়া সব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের আস্থা অর্জন জরুরি এবং সরকার সেই লক্ষ্য নিয়েই ধাপে ধাপে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে।
এ সময় তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা দেশে অসংখ্য খাল খনন করা হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন।
মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে আমানউল্লাহ আমান বলেন, ঢাকা–২ আসনে কোনো মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ থাকতে পারবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারী—দুজনকেই আইনের আওতায় আনতে হবে। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করে, তাহলে তাকে আগে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

