নোয়াখালীতে দীর্ঘ ১২ বছর পর আয়োজিত জেলা ক্রিকেট লীগের (২০২৪–২৫) ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
শুক্রবার বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদসহ অন্যরা।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মাইজদী তরুণ সংঘ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাইজদী তরুণ সংঘ নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে। জবাবে ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ১৮১ রানে অলআউট হয়ে যায়। ফলে মাইজদী তরুণ সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আবদুল্লাহ রিজু ‘ম্যান অব দ্য ফাইনাল’ এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলার জন্য মাকসুদুর রহমান তন্ময় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, বিশ্বের অনেক দেশে খেলোয়াড়দের জনপ্রিয়তা রাজনৈতিক নেতাদের চেয়েও বেশি। খেলোয়াড়দের নির্দিষ্ট কোনো দল না থাকায় সবাই তাদের ভালোবাসে। তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রেখে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ প্রতিভাকে বিকশিত করা গেলে একদিন বাংলাদেশও বিশ্বে খেলাধুলার মাধ্যমে পরিচিতি পাবে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন স্থানীয় খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নিয়মিত এ আয়োজন অব্যাহত থাকলে তৃণমূল থেকে দক্ষ ক্রিকেটার উঠে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক তাউছ মো. বেনী আমিন, বিএনপির নেতা ওমর ফারুক টপি, জাহাঙ্গীর আলম কালাসহ যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

