নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে খুলনায় কলমবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডাক কর্মচারী সংযুক্ত পরিষদের দক্ষিণাঞ্চল কমিটি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা কলমবিরতি পালন করেন। পরে পিএমজি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাক কর্মচারী সংযুক্ত পরিষদের খুলনা আহ্বায়ক মো. শহিদুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক জীবন বীমা অফিসের মো. ইউসুফ মোল্লা, মোস্তাফিজুর রহমান, ফরিদ আহমেদ, মেহেদী হাসান।
বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করা। অথচ জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবম পে-স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় সেই বৈষম্যই রয়েছে। বক্তারা অভিযোগ করেন, সুপারিশের পরও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
বক্তারা দাবি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পে-স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

