মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার ছক কষেছিল করেছিল ইরান—এমনটাই দাবি করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগকে এফবিআইয়ের তরফে এ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয় বলে এবিসি নিউজের খবরে বলা হয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ফেব্রুয়ারির শেষ দিকে ওই সতর্কবার্তা পাঠানো হয়। এতে এফবিআই লেখে, “আমরা সম্প্রতি এমন তথ্য পেয়েছি যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিক পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের উপকূলের বাইরে অবস্থান নিয়ে অজ্ঞাত জাহাজ থেকে আচমকা ড্রোন হামলার পরিকল্পনা করেছিল।”
যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, সে ক্ষেত্রে প্রতিশোধ হিসেবে তেহরান এ হামলার পরিকল্পনা করেছিল বলে সতর্কবার্তায় বলা হয়।
এতে আরও বলা হয়, “সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, লক্ষ্যবস্তু বা হামলাকারীদের বিষয়ে আমাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।”
এবিসি নিউজ লিখেছে, সতর্কবার্তাটি এমন সময় আসে, যখন ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
লস অ্যাঞ্জেলেসে এফবিআই কার্যালয়ের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। হোয়াইট হাউজের কাছ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি এবিসি নিউজ।

