ক্যালগেরিতে জমে উঠেছে শর্ট পিচ এলিট লিগ

0
ক্যালগেরিতে জমে উঠেছে শর্ট পিচ এলিট লিগ

কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে শুরু হয়েছে বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ এলিট লিগ ২০২৬। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করেছে শর্ট পিচ বিডি ক্রিকেট YYC।

প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ছয়টি দল। দলগুলো হলো- ঢাকা মাফিয়াস, নোয়াখালী রয়্যালস, চট্টগ্রাম নাইটস, খুলনা ভাইকিংস, সিলেট সিক্সার্স এবং রংপুর টাইটানস।

শর্ট পিচ ফরম্যাটে দ্রুতগতির ম্যাচগুলোতে দলগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিচ্ছে। টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচগুলোতে ব্যাটে-বলে দেখা গেছে চমকপ্রদ পারফরম্যান্স। দর্শক গ্যালারিতে উপচে পড়া ভিড়, করতালি ও উল্লাসে মুখর ছিল পুরো জেনেসিস সেন্টার।

খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং সুশৃঙ্খল আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন দর্শক ও আয়োজকরা। রবিবার (১১ জানুয়ারি) টুর্নামেন্টের বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের ফাঁকে এই আয়োজন শুধু খেলাধুলা নয়, প্রবাসীদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, শর্ট পিচ এলিট লিগ ২০২৬ ক্যালগেরিতে ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনে প্রবাসীদের সম্পৃক্ততা আরও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here