ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় ভোলা মিয়া নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনের পাশে সোয়াদী গ্রামে রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার গয়েরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ট্রাক্টরচালক ভোলা মিয়া কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রাম থেকে মাটি নিয়ে সাবদারপুরে দিকে যাচ্ছিলেন। সোয়াদী গ্রামের রেলগেট পার হওয়ার সময় ট্রাক্টর ইঞ্জিন বিকল হয়ে যায়। সেসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ভোলা মিয়া।
এ ঘটনায় কোটচাঁদপুর সাবদালপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল জানান, রাতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক্টর চালকের মৃতদেহ পড়ে আছে। তবে ওই সময় সেখানে গেটম্যান ছিল না।

