কোচ আরবেলোয়ার বিদায়ের রাতে রিয়ালের দাপুটে জয়

0
কোচ আরবেলোয়ার বিদায়ের রাতে রিয়ালের দাপুটে জয়

লা লিগায় দুর্দান্ত এক জয় তুলে নিল স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়েছে মাদ্রিদের দলটি। এই ম্যাচ দিয়েই কোচ হিসেবে নিজের অধ্যায়ের ইতি টানলেন আলভারো আরবেলোয়া।

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া আরবেলোয়া ট্রফি জিততে না পারলেও দলকে লা লিগায় রানার্সআপ হিসেবে মৌসুম শেষ করাতে সক্ষম হয়েছেন। চ্যাম্পিয়ন  বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছে রিয়াল।

এদিকে মৌসুম শেষে সাবেক কোচ জোসে মরিনহো আবারও রিয়ালের দায়িত্ব নিতে পারেন বলে জোর আলোচনা চলছে। বর্তমানে তিনি পর্তুগালের ক্লাব বেনফিকায় দায়িত্ব পালন করছেন। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ১৩ বছর পর বার্নাব্যুতে ফিরবেন এই অভিজ্ঞ কোচ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১২তম মিনিটে দানি কারভাহালের বাড়ানো বলে গঞ্জালো গার্সিয়া গোল করে দলকে এগিয়ে নেন। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও বিলবাও গোলরক্ষক অ্যালেক্স পাদিলা দুর্দান্ত সেভে ব্যবধান বাড়তে দেননি।

প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে জুড বেলিংহামের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির ঠিক আগে ইনাকি উইলিয়ামসের ক্রস থেকে গোর্কা গুরুজেতা গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বিলবাও।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও রিয়ালের দাপট। ৫১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত কোনাকুনি শটে ব্যবধান ৩-১ করেন। পরে আরও একটি নিশ্চিত সুযোগ পেলেও পাদিলার সেভে বঞ্চিত হন ফরাসি তারকা।

ম্যাচের ৬৯তম মিনিটে আবেগঘন মুহূর্তের জন্ম দেয় বার্নাব্যু। দীর্ঘদিনের নির্ভরযোগ্য ডিফেন্ডার ডেভিড আলাবা মাঠ ছাড়ার সময় তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। রিয়ালের জার্সিতে এটিই ছিল অস্ট্রিয়ান তারকার শেষ ম্যাচ।

এর কিছুক্ষণ পর একই সম্মান জানানো হয় অধিনায়ক দানি কারভাহালকেও। দুই দলের খেলোয়াড়রা করতালির মাধ্যমে বিদায় জানান ছয়বারের ইউরোপসেরা এই অভিজ্ঞ ফুটবলারকে।

ম্যাচের শেষ দিকে ব্রাহিম দিয়াজ রিয়ালের চতুর্থ গোল করেন। প্রথমে অফসাইডের সংকেত এলেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে গোলটি বহাল থাকে। যোগ করা সময়ে উর্কো ইজেতা বিলবাওর হয়ে আরেকটি গোল শোধ দেন।

এদিকে এই ম্যাচ দিয়েই বিলবাওর কোচ হিসেবে শেষবার ডাগআউটে দাঁড়ালেন আর্নেস্তো ভালভার্দে। তিন দফায় পাঁচ শতাধিক ম্যাচে দায়িত্ব পালন করা এই কোচকে ম্যাচ শেষে সম্মান জানায় ক্লাব সমর্থকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here