ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব, যদি সম্মিলিত উদ্যোগে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করার কাজ করা হয়।
সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, কেরানীগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ থাকা চলবে না; সবাইকে আইনের আওতায় আনা হবে, কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমানউল্লাহ আমান আরও বলেন, কেরানীগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সড়কের দুই পাশে অন্তত ১০ ফুট খালি রাখার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণ সহজ হয়। যানজট কমাতে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা, খোলামোড়া ও কদমতলী এলাকায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন। পাশাপাশি অবৈধ কারখানা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

