টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে দুই দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় এসেছে উইকেটও কেমন হতে পারে ফাইনালের পিচ।
ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এর আগে ২০২৩ সালের আইসিসির ফাইনালও আয়োজন করা হয়েছিল এই মাঠে। সে সময় কালো মাটির উইকেটে ম্যাচটি হয়েছিল এবং একপেশে জয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
চলতি আসরে সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের ম্যাচে প্রায় ৫০০ রানের লড়াই দেখা গেছে। তাই ফাইনালেও ব্যাটারদের জন্য অনুকূল উইকেট হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ইএসপিএন ক্রিক ইনফো।
খবরে বলা হয়েছে, ফাইনালের পিচে থাকতে পারে সবুজের হালকা আভাস। তবে উইকেট তৈরি হবে লাল ও কালো মাটির মিশ্রণে, যেখানে লাল মাটির ভাগই বেশি থাকবে। সাধারণত লাল মাটির পিচে বল ব্যাটে ভালো আসে এবং বাউন্সও পাওয়া যায়।
ফলে স্পিনারদের তুলনায় পেসাররা কিছুটা সুবিধা পেলেও সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন ব্যাটাররা। এ কারণে ফাইনালেও ২০০ বা তার বেশি স্কোর দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একটি সূত্র দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ফাইনালের জন্য একটি ‘স্পোর্টিং পিচ’ প্রস্তুত করা হচ্ছে, যেখানে কোনো পক্ষই অতিরিক্ত সুবিধা পাবে না। লাল মাটি বেশি থাকায় পিচে বাউন্স থাকবে এবং ব্যাটারদের রান করার সুযোগও মিলবে।
ফাইনালের উইকেট প্রায় নতুনই বলা যায়। চলতি বিশ্বকাপে এই পিচে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হয়েছে। গত ৯ ফেব্রুয়ারির সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারে ২১৩ রান তোলে। জবাবে কানাডা থেমে যায় ১৫৬ রানে।
এদিকে এই ভেন্যুতে এবারের আসরে একটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। লাল মাটির পিচে সেই ম্যাচে কিউইদের সংগ্রহ ছিল ১৭৫ রান, যা পরে দক্ষিণ আফ্রিকা ১৭ বল বাকি থাকতেই টপকে যায়।
অন্যদিকে টুর্নামেন্টে এই মাঠে দুটি ম্যাচ খেলেছে ভারত। একটি ম্যাচে তারা ১৯৩ রান করে জয় পেলেও পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায়। সব মিলিয়ে ফাইনালের পিচকে ঘিরে রয়েছে বাড়তি কৌতূহল। তবে ধারণা করা হচ্ছে, আহমেদাবাদের উইকেটে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটারদের দাপটই বেশি দেখা যেতে পারে।

