কেনিয়ায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৪২ জনের প্রাণহানি

0
কেনিয়ায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৪২ জনের প্রাণহানি

ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় কেনিয়ার নাইরোবিসহ দেশটির বিভিন্ন স্থানে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্য মতে, গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। 

নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনীসহ জরুরি উদ্ধারকারী দলগুলো সারা দেশে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। গত শুক্রবার (৬ মার্চ) থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কেনিয়ার জনজীবন স্থবির হয়ে পড়ে। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বহু মানুষ পানিতে তলিয়ে যান এবং অসংখ্য যানবাহন ভেসে যায়। বন্যার প্রভাবে দেশের প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত পানির তোড়ে ভেসে যাওয়া ১৭২টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

কেনিয়ার জনসেবা মন্ত্রী জিওফ্রে কিরিঙ্গা রুকু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ টিম কাজ করছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতীয় মজুদ থেকে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে পূর্ব আফ্রিকায় বৃষ্টির ধরন বদলে গেছে। এখন অল্প সময়ে অস্বাভাবিক তীব্র বৃষ্টিপাত হওয়ায় বন্যার ঝুঁকি আগের তুলনায় বেড়ে গেছে দ্বিগুণ। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here