কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

0
কৃষ্ণ সাগরে তুরস্কের ট্যাংকারে হামলা

কৃষ্ণ সাগরে তুরস্ক পরিচালিত রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকারে পানির নিচ থেকে হামলার ঘটনা ঘটেছে। তুরস্ক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালওগ্লু জানান, সিয়েরা লিওন পতাকাবাহী ওই জাহাজটি রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল। মধ্যরাতের পর জাহাজটির ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে, যা জরুরি কল সেন্টারে জানানো হয়।

তিনি বলেন, ইঞ্জিন কক্ষকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো ড্রোন নয়; বরং পানির সমতলে চলা চালকবিহীন নৌযান দিয়ে হামলা হয়েছে।

ঘটনাটি তুরস্কের জলসীমায় ঘটেছে কি না, তা নিশ্চিত করেননি মন্ত্রী। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বসফরাস প্রণালি থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরত্বে হামলাটি হয়েছে।
তিনি আরও বলেন, এটি বাইরের উৎস থেকে ঘটানো বিস্ফোরণ এবং জাহাজটিকে সম্পূর্ণ অচল করে দেওয়াই ছিল উদ্দেশ্য। ইতোমধ্যে ঘটনাস্থলে প্রয়োজনীয় ইউনিট পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক একদিকে কিয়েভ, অন্যদিকে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। কৃষ্ণ সাগরকে যেন যুদ্ধরত পক্ষগুলোর সংঘর্ষক্ষেত্রে পরিণত না করা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান এটা নিয়ে সতর্ক করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here