ওপেনএআইয়ের বহুল আলোচিত ‘স্টারগেট’ ডেটা সেন্টার উদ্যোগের সঙ্গে যুক্ত তিন শীর্ষ কর্মকর্তা মেটা প্ল্যাটফর্ম যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। এই পদক্ষেপ সিলিকন ভ্যালির বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো ও দক্ষ জনবল দখলের প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।
জানা গেছে, স্টারগেট প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পিটার হোশেলে মেটায় যোগ দিচ্ছেন। তার সঙ্গে থাকছেন কম্পিউটিং কৌশল ও ব্যবসা উন্নয়ন বিভাগে কাজ করা শামেজ হেমানি এবং কম্পিউটিং বিভাগের আরেক নেতা অনুজ সাহারান। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ। এর আগে দ্য ইনফরমেশন তাদের ওপেনএআই ছাড়ার খবর প্রকাশ করে।
এই প্রস্থান ওপেনএআইয়ের অবকাঠামো বিভাগে চলমান নেতৃত্ব পুনর্গঠনের মধ্যেই ঘটছে। চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটি সাবেক ইন্টেল নির্বাহী সচিন কাট্টিকে স্টারগেটের কম্পিউটিং গ্রুপের দায়িত্ব দেয়। একই সঙ্গে নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের বদলে বড় ক্লাউড সেবাদাতাদের কাছ থেকে বেশি সার্ভার ভাড়া নেওয়ার দিকে কৌশলগত ঝোঁক বাড়িয়েছে ওপেনএআই।
অন্যদিকে, মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সম্প্রসারণে আগ্রাসী বিনিয়োগ অব্যাহত রেখেছে। ২০২৬ সালের জন্য প্রতিষ্ঠানটি ১১৫ থেকে ১৩৫ বিলিয়ন ডলার পর্যন্ত মূলধনী ব্যয়ের পরিকল্পনা করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই বছরকে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বর্ণনা করেছেন।
স্টারগেট প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঘোষণা করা হয়েছিল। সফটব্যাংক, ওপেনএআই, ওরাকল এবং এমজিএক্সের সমর্থনে শুরু হওয়া এই উদ্যোগ পরবর্তীতে কিছু ধাক্কাও খেয়েছে। টেক্সাসের অ্যাবিলিনে প্রধান ক্যাম্পাস সম্প্রসারণের পরিকল্পনা অর্থায়ন ও সক্ষমতা পূর্বাভাস নিয়ে মতবিরোধের কারণে স্থগিত হয়ে যায়।
বিশ্লেষকদের মতে, ওপেনএআই থেকে মেটায় এই নেতৃত্ব স্থানান্তর শুধু জনবল পরিবর্তন নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে ডেটা সেন্টার, কম্পিউটিং সক্ষমতা এবং অবকাঠামোগত নেতৃত্ব নিয়ে নতুন শক্তির ভারসাম্য তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

