কুয়েতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আলী আল-সালেমে হামলা চালানোর দাবি করেছে ইরান।
সোমবার ইরানের সেনাবাহিনী এই দাবি করেছে।
একইসঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানেও হামলা করার কথা জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এসব হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “সেনাবাহিনীর স্থল ও নৌ ক্ষেপণাস্ত্র দলগুলো আলাদা আলাদা অবস্থান থেকে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল-সালেম এবং ভারত মহাসাগরের উত্তরে শত্রু জাহাজগুলোকে নিশানা করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী। সূত্র: মিডল ইস্ট আই, এএফপি

