কুমিল্লা-৭ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পৃথক গণমিছিল

0
কুমিল্লা-৭ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পৃথক গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে কুমিল্লা-৭ চান্দিনা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিভিন্ন স্থানে মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে ভোটের মাঠে সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে উত্তাপ বাড়ে।

নির্বাচনী বিধি মোতাবেক আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সকালে প্রচারণার শেষ হচ্ছে। তাই প্রচারণার শেষ মুহূর্তে মাঠে প্রার্থীদের সরব উপস্থিতি জানান দিতেই সভা-সমাবেশের পাশাপাশি প্রার্থীদের গণমিছিল।

সোমবার বিকেল ৫টায় উপজেলা সদরের চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদের পক্ষে মিছিল বের করেন নেতাকর্মীরা। এর আগে, চান্দিনা মিনি স্টেডিয়াম থেকে কলস প্রতীকের বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের পক্ষে মিছিল করেন তার নেতাকর্মীরা।

বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে মিছিলের নেতৃত্ব দেন ড. রেদোয়ান আহমেদের ছেলে সুলতান মঈন আহমেদ রবিন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা শাহআলম, মনির মাস্টার, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জামসেদ আহমেদ জাকি, পিয়াল, আব্দুস সামাদ কমিশনার, ছাত্রদল নেতা সাজ্জাত হোসেনসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা।

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অংশ নেন উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতা শরীফ খাঁন, মাহবুব আলম দোলন ও হানিফ মুন্সি। 

এছাড়া, উপজেলার দোল্লাই নবাবপুর, মহিচাইল, শুহিলপুর, জোয়াগ, মাধাইয়া, বাড়েরা, বরকইট ও বদরপুর বাজারসহ বিভিন্ন স্থানে প্রচারণার শেষ মিছিল করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here