কুমিল্লার সেই ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ

0
কুমিল্লার সেই ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনার ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিটিআরসিকে এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে। এছাড়া, ওই নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দিতে বলা হয়েছে।

আজ রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আইনজীবী মীর এ কে এম নুরুন্নবীর করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মীর এ কে এম নুরুন্নবী জানান, আগামী ১৪ জুলাই রিটটি আদেশের জন্য তালিকায় থাকবে। ওই দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে হবে।

এর আগে আজ রবিবার ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলী নামের অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিনি মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। তার আগে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন ওই গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে। এ ছাড়া ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় মূল অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ভুক্তভোগী ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here