কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামের এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন হোসেন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। তিনি সম্প্রতি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মামুনের বোন সুমি খাতুন ফোনে জানান, রাতের খাবার খেয়ে তার ভাই বাড়ির বাইরে বের হলে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। তার শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম ফোনে জানান, আহতের বুকে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

