কুমারখালী উপজেলাতে দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রত্যেকের হাতে ৩০০ টাকা করে তুলে দেন সাইপ্রাসপ্রবাসী আব্দুস সামাদ পাখি।
সরেজমিনে দেখা যায়, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়-এলংগীপাড়া সড়ক সংলগ্ন একটি পাকা বাড়ির ভেতরে ও বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন নানা বয়সী নারী-পুরুষ। তাদের প্রত্যেকের হাতে একটি করে খাম তুলে দিচ্ছিলেন এই প্রবাসী।
উপকারভোগীদের একজন আম্বিয়া খাতুন বলেন, তার কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কয়েকদিন আগে দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে গেছে। এই অর্থ দিয়ে তিনি কিছু ওষুধ কিনতে পারবেন। শারীরিক প্রতিবন্ধী আব্বাস শেখ (৬৫) বলেন, তারা দরিদ্র মানুষ। কোনোমতে দিন চলে। আব্দুস সামাদ পাখি মাঝে মধ্যেই চাল, কাপড় ও টাকা দিয়ে সহায়তা করেন, যা তাদের জন্য অনেক বড় সহায়তা।
এ বিষয়ে আব্দুস সামাদ পাখি বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারলে তিনি আনন্দ পান। সামর্থ্য অনুযায়ী সব সময় অসহায়দের সহায়তা করার চেষ্টা করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবার অন্তত দুই শতাধিক মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়েছে।

