কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও জ্বালানি তেল সংকট মোকাবিলায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিগত ১০ দিনে ৫০১টি মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালানি তেল সংকট মোকাবিলায় ফিটনেসবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান শুরু হয়। এ সময় লাইসেন্স না থাকা, হেলমেট না ব্যবহার করা, অতিরিক্ত গতি, তিনজন আরোহী ও কাগজপত্রের ঘাটতিসহ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৫০১টি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় মোট ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলার কার্যক্রম চলমান রয়েছে।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর প্লেট না থাকায় ১৫০টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশের এ অভিযান নিয়মিত চলবে। তিনি কুড়িগ্রামবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

