কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রবিবার বিকাল পৌনে ৫টার দিকে কালের কণ্ঠের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন ইইউর কয়েকজন প্রতিনিধি। এসময় বাংলাদেশে সাংবাদিকতায় কালের কণ্ঠের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন মাইকেল মিলার।
তিনি কালের কণ্ঠকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ (সিগনিফিকেন্ট) একটি গণমাধ্যম বলে অভিহিত করেন।
এর আগে ইইউ রাষ্ট্রদূত বিকাল পৌনে ৪টার দিকে কালের কণ্ঠ কার্যালয়ে আসেন। তাকে স্বাগত জানান কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, কালের কণ্ঠের পরিকল্পনা সম্পাদক মাহবুবুল হক, বার্তা প্রধান ফারুক মেহেদী, উপ সম্পাদক ও প্রধান প্রতিবেদক মেহেদী হাসান ও মাল্টিমিডিয়া ইনচার্জ রাজীবুল হাসান।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ‘ফেস টু ফেস ডিপ্লোম্যাসি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে সরকারের সঙ্গে ইইউর অংশীদারি, মানবাধিকার, গ্রিন এনার্জি, সংবাদপত্রের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে কনফারেন্স হলে কালের কণ্ঠের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

