কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

0
কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে হাবিবুর রহমান ওরফে হবি শিকদার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের আরও দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার খলাপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান পৌরসভার দেওপাড়া এলাকার মৃত কালেব আলীর ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার খলাপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন।

আহতরা হলেন—খলাপাড়া এলাকার নজরুল মোল্লার ছেলে সজিব মোল্লা (৩২) এবং ফজলুল হকের মেয়ে জেসমিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  খলাপাড়া এলাকায় সজিব মোল্লা ও তার ভাই সৌরভ মোল্লার (৪০) একটি গ্রিলের ওয়ার্কশপ রয়েছে। পাশেই রিপন শিকদারের আরেকটি গ্রিলের ওয়ার্কশপ আছে।

বিকেলে সৌরভ মোল্লার সঙ্গে রিপন শিকদারের ছেলে ইকবাল শিকদারের (২৮) তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। স্থানীয়রা তা থামিয়ে সমঝোতা করান। পরে সন্ধ্যায় সৌরভ মোল্লা, তার বাবা নজরুল মোল্লা, ভাই সজিব মোল্লা ও ফুপা হাবিবুর রহমানসহ আরও কয়েকজন ইকবাল শিকদারের বাড়িতে হামলা চালায়। তখন বাড়িতে থাকা ইকবাল শিকদার, রিপন শিকদার (৪০), আল আমিন (২৫) ও জেসমিনসহ আরও কয়েকজন পাল্টা প্রতিরোধ করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হাবিবুর রহমান আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারান। সজিব মোল্লা গুরুতর আহত হন এবং জেসমিনও আহত হন।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। সজিব মোল্লাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। জেসমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে হাবিবুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত আরও দু’জনের মধ্যে একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here