বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কশিয়ার (BDCANS) উদ্যোগে হ্যালিফ্যাক্সের জনপ্রিয় রেস্টুরেন্ট ডেজার্ট ইয়ার্ডে এক বর্ণাঢ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতর।
অনুষ্ঠানটি শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারত, পাকিস্তান, সোমালিয়াসহ বিভিন্ন মুসলিম দেশের মানুষের অংশগ্রহণে এটি পরিণত হয় এক অনন্য বহুজাতিক মিলনমেলায়। ভিন্ন সংস্কৃতি ও পটভূমির মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ—ডার্টমাউথ নর্থের এমএলএ সুসান লেব্ল্যাঙ্ক, ডার্টমাউথ মসজিদের মাওলানা হামযা, কনজারভেটিভ পার্টির প্রতিনিধি রবার্ট ব্যাথারসন এবং লিবারেল পার্টির রঞ্জীব চোপড়া। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব যোগ করে এবং কমিউনিটির প্রতি তাঁদের সমর্থন ও সংহতি প্রকাশ পায়।
সন্ধ্যাটি ছিল আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে ভরপুর। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলাপ-আলোচনা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার মাধ্যমে ঈদের প্রকৃত চেতনা ও আনন্দ তুলে ধরে।
আয়োজকরা জানান, ঈদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা, সমাজের অন্তর্ভুক্তি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং বর্ণবাদের বিরুদ্ধে শক্ত বার্তা তুলে ধরা হয়েছে।
তাঁরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে করে আমাদের নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয় এবং কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় দৃঢ় হয়।

