কানাডার এডমন্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
কানাডার এডমন্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টন শহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিল্পী সংগঠক নাজনীন রুবি বেগমের পরিচালনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডমন্টনে বসবাসরত শিল্পীরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের শুরুতে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশিত হয়। এরপরে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট উপস্থাপন করেন বাচিকশিল্পী রওশন শিল্পী।

অনুষ্ঠানে কানাডায় জন্ম নেয়া কিশোর প্রজন্মের ছেলেমেয়েদের উপস্থিতি ও আগ্রহ ছিলো অত্যন্ত উৎসাহব্যঞ্জক। অনুষ্ঠানে ভাষার গানের পাশাপাশি কবিতা আবৃত্তিও পরিবেশন করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি সেলিনা শেলী, যার বিষয়বস্তু ছিলো ৫২ এর ভাষা আন্দোলন হয়ে কানাডার ভ্যানকুভারের রফিক ও সালামের হাত ধরে বাংলা ভাষার ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ হয়ে ওঠার সেই গৌরবোজ্জ্বল অধ্যায়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাজনীন রুবি, রুপা চৌধুরী,বিমল রায়, চামেলি দাস, সাবরী ব্যানার্জী, শিখা আলমগীর, সোমা সাহা ও ত্রয়ী। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী তৌহিদ পারভেজ, হোসনে আরা বীথি, রওশন শিল্পী, পার্থ বিশ্বাস ও মুনিমাহ মিশু। পুরো অনুষ্ঠানের বাঁশি ও তবলায় ছিলেন পার্থ বিশ্বাস। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here