কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি হাইস্কুলে গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীসহ ৯ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম জেসি ভ্যান রুটসেলার। ১৮ বছর বয়সি ওই নারী মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন।
গত মঙ্গলবার প্রত্যন্ত জনপদ টাম্বলার রিজে এ হামলার ঘটনা ঘটে। গুলিবর্ষণের পর হামলাকারী ঘটনাস্থলেই আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও পরে তা সংশোধন করে ৯ জনে নামিয়েছে পুলিশ।
গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ব্রিটিশ কলাম্বিয়ায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার ডেপুটি কমিশনার ডুয়েইন ম্যাকডোনাল্ড বলেন, হামলাকারীর পরিবারের বাসায় আগেও পুলিশকে যেতে হয়েছিল। সেসব ঘটনার পেছনে কিছু মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কারণ ছিল। তবে হামলার পেছনের উদ্দেশ্য এখনো জানা সম্ভব হয়নি।
ঘটনাটি কানাডার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী গণগুলিবর্ষণের ঘটনা হিসেবে বিবেনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন কানাডিয়ানরা এ শোক কাটিয়ে উঠবে।
তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।

