পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত আন্ধারমানিক নদীর দখল ও দূষণ থেকে বাঁচাতে রঙিন কাগজের নৌকা ভাসিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকালে শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় মানবন্ধন শেষে নদীতে নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। এসময় পরিবেশ কর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন “নদী বাঁচাও, দেশ বাঁচাও” প্রতিপাদ্য বিষয় নিয়ে কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী’র আহ্বায়ক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি ও পরিবেশ বাঁচাও আন্দোলনের কলাপাড়ার সমন্বয়ক নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দুই যুগ আগেও নদীতে শত শত নৌকা ভাসতো এবং নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায়না। তাই প্রতীকী হিসেবে কাগজের নৌকা ভাসিয়ে তারা প্রতিবাদ জানান। এছাড়া আন্ধারমানিকসহ জেলার সকল নদীর দখলকারীদের নাম প্রকাশ এবং উচ্ছেদ অভিযানসহ নদীগুলোকে খননের দাবি জানান তারা।

