বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাত। বাঁ-কাঁধে পাওয়া এই চোটের কারণে তাকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ম্যাচ চলাকালে একটি বল থামাতে গিয়ে তালাতের বাঁ-কাঁধের সংযোগস্থান নড়ে যায়। ঘটনাটি ঘটার পরপরই মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তালাতের কাঁধে একটি সফল চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে স্থানচ্যুত কাঁধের জোড়াটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় পরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বিশ্রামে থাকবেন তালাত। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দেবেন। ধাপে ধাপে পুনর্বাসন ও অনুশীলনের মাধ্যমে তাকে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে প্রায় ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

