কলম্বো ফ্যাক্টরেই পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ মানছেন ভারতের কোচ

0
কলম্বো ফ্যাক্টরেই পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ মানছেন ভারতের কোচ

ক্রিকেটীয় পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে থাকলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে। তার মতে, কলম্বোর কন্ডিশনের সঙ্গে পাকিস্তানের মানিয়ে নেওয়াই হতে পারে বড় ফ্যাক্টর।

দুই সপ্তাহ ধরেই কলম্বোতে অবস্থান করছে পাকিস্তান দল। গ্রুপ পর্বের সব ম্যাচ তারা খেলবে শ্রীলঙ্কার এই ভেন্যুতেই। বিপরীতে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ খেলতে ভারতকে শ্রীলঙ্কায় যেতে হবে। এই ভেন্যু-সুবিধাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন টেন ডেসকাটে।

চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার ঘোষণা দিয়ে আলোচনার ঝড় তোলে পাকিস্তান। তবে টানাপোড়েন শেষে গত সোমবার তারা সিদ্ধান্ত বদলায়। ফলে আগামী রোববারের বহুল প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।

পাকিস্তান শেষ পর্যন্ত না খেললেও ভারত মাঠে নামত বলে আগেই জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও বোর্ড কর্মকর্তারা। টেন ডেসকাটেও জানিয়েছেন, ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন।

ভারতের সহকারী কোচ বলেন, ‘প্রথমত, ম্যাচটা হচ্ছে এটা দারুণ খবর। ম্যাচটা নাও হতে পারে ভেবে আমরা প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনিনি। আমাদের বিশ্বাস ছিল, শেষ পর্যন্ত ম্যাচটি হবে। তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।’

তিনি আরও যোগ করেন, ‘গতকাল ও আজ সকালে নিশ্চিত খবর পাওয়ার পর ভালো লাগছে। টুর্নামেন্টের শুরুতেই আবারও একটি মানসম্পন্ন দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা খুশি।’

একই ভেন্যুতে দীর্ঘ সময় খেলার সুবিধা যে কতটা কার্যকর হতে পারে, তা ভারতের জানা আছে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলেছিল ভারত, একই হোটেলে থেকে। সেবার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে তারা।

চলতি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এমনকি তারা সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হবে কলম্বোতে।

বিশ্বকাপে টি-টোয়েন্টি সংস্করণে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ভারত বেশ এগিয়ে। আটবারের দেখায় সাতবারই জয় পেয়েছে তারা। তবু টেন ডেসকাটের মতে, কলম্বোর কন্ডিশনে অভ্যস্ত পাকিস্তানকে হারাতে ভারতের সেরা খেলাই মেলে ধরতে হবে।

তিনি বলেন,’কলম্বোতে খেলাটা চ্যালেঞ্জিং হবে, যেখানে পাকিস্তান গত দুই সপ্তাহ ধরে আছে। সেই ম্যাচে আমাদের সেরাটা দিতে আমরা সম্পূর্ণ মনোযোগী।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here