কলমাকান্দার ইউএনও বদলি, ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

0
কলমাকান্দার ইউএনও বদলি, ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নেত্রকোনার কলমাকন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানকে বদলি এবং লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার আদালতের স্থগিতাদেশ অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানকে স্বপদে বহালের প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনও মাসুদুর রহমানের বদলি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
  
জানা গেছে, গেল জানুয়ারি মাসে উপজেলা প্রশাসন একটি অভিযানে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে বাধা প্রদান ও আদালত অবমাননার অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগ ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে। চেয়ারম্যান এ নিয়ে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে আদালত বরখাস্তাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন। 

কলমাকান্দা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রবিবার থেকেই চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া দায়িত্ব পালন শুরু করেছেন। 

অন্যদিকে প্রজ্ঞাপন অনুযায়ী ইউএনও মাসুদুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here