কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে ড্রেজার নয়, শ্রমিক দিয়েই খনন কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
দেশব্যাপী নদী, নালা ও খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ড্রেজারের পরিবর্তে শ্রমিক দিয়ে খনন কাজ করা হবে। তিনি বলেন, ‘ড্রেজার দিয়ে কাজ করলে খরচ কম হয়, কিন্তু শ্রমিক দিয়ে কাজ করলে কিছুটা বেশি ব্যয় হলেও এতে মানুষের কর্মসংস্থান তৈরি হয়। আমরা চাই এই অর্থ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। একজনকে ধনী করার পরিবর্তে শত মানুষের জীবিকা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, আমরা মানুষকে ঢাকামুখী করতে চাই না। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী নিজ হাতে মাটি কেটে এবং বৃক্ষরোপণের মাধ্যমে খনন কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন এবং উপ-বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি প্রমুখ।

