কমপ্লিট শাটডাউনে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

0
কমপ্লিট শাটডাউনে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বন্ধ রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। এই কর্মসূচির কারণে শনিবার থেকে এখন পর্যন্ত ভারত থেকে কোনো আমদানির পণ্য বাংলাদেশে আসেনি। ভারতেও যায়নি কোনো রপ্তানিযোগ্য পন্য। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোন কার্যক্রম করছেন না কর্মকর্তারা।  তারা দাপ্তরিক কাজ থেকে বিরত রয়েছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এই শাটডাউনে দেশ বিপুল পরিমান রাজস্ব হারাবে। বেকার হয়ে পড়েছে শ্রমিক, ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ।  অবিলম্বে তাদের এই কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান তিনি।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহব্বায়ক রেজাউল করিম শাহীন জানান, কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরে প্রায় দুই শতাধিক গাড়ি ক্লিয়ারেন্স এর অভাবে বের হতে পারছে না। ব্যবসায়ী, শ্রমিক ও সংশিষ্ট সকলেই ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেক শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ি বেকার হয়ে পড়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে, পাশাপাশি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাবান্ধা স্থবন্দর স্থল শুল্ক স্টেশনের সহকারী রেভিনিউ অফিসার আবু সাঈদ বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছি। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রী পারাপার কমপ্লিট শাটডাউনের আওতার বাইরে। কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here